ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ ভারপ্রাপ্ত স্পীকারকে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে।
ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। একই সাথে তিনি জাতিসংঘের এই উদ্যোগের জন্য প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বৈঠকে দেশের সামগ্রিক নারী উন্নয়ন, রাজনৈতিক ক্ষমতায়ন ও এসডিজি অর্জনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারপ্রাপ্ত স্পীকার বলেন:
"বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন—যা জাতিসংঘের এসডিজি প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।"
প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের নেওয়া কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে জাতীয় সংসদ ও জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

0 Comments