সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ এক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে হারাল। দেশের আইন অঙ্গন এবং সংসদীয় রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
পৃথক এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মরহুমের রাজনৈতিক জীবনের নানা দিক স্মরণ করে বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক অভিভাবকের চলে যাওয়া দেশের অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন সংসদীয় গণতন্ত্রের বিকাশে কাজ করে গেছেন।
উভয় নেতাই মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাকে যেন জান্নাতবাসী করা হয় সেই প্রার্থনা করেন।

0 Comments