ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অনুমতি ছাড়া ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ক্রমাগত হুমকির মুখে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় তিনি এই জিডি দায়ের করেন।
জিডি সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ফেসবুক পেজ থেকে অনুমতি ছাড়াই তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ করা হয়। এরপর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে তাঁর ফোনে কল দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আবাসন সংক্রান্ত গোপনীয় তথ্য জনসমক্ষে চলে আসায় তিনি নিজ বাসভবনে অবস্থান করাকে মারাত্মক অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও ঘটনার সুষ্ঠু আইনি প্রতিকার পাওয়ার লক্ষ্যেই তিনি থানায় উপস্থিত হয়ে অভিযোগ নথিভুক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানা সূত্রে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0 Comments