অন্যায্যভাবে চাকরিচ্যুতির শিকার হওয়ার অভিযোগ তুলে স্বপদে পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেছে ‘ভিকটিম পুলিশ পরিবার’।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন। ব্যানারে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মানবিক বিবেচনায় পুনর্বহালের সিদ্ধান্ত ও নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চান তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিগত শাসনামলে বা রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, যার কারণে তারা ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে চরম আর্থিক ও সামাজিক কষ্টে দিন কাটাচ্ছেন।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা তাদের প্রধান প্রধান দাবি তুলে ধরেন:
- মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পূর্বে দেওয়া পুনর্বহালের আদেশের দ্রুত ও কার্যকরী রূপায়ন।
- মানবিক হস্তক্ষেপ: প্রধান উপদেষ্টা ও নীতি-নির্ধারকদের সরাসরি হস্তক্ষেপ এবং সাক্ষাতের সুযোগ।
- দ্রুত স্বপদে পুনর্বহাল: অন্যায্য চাকরিচ্যুতির আদেশ বাতিল করে অনতিবিলম্বে সকল ভিকটিম পুলিশ সদস্যকে চাকরি ফিরিয়ে দেওয়া।
আন্দোলনরত সদস্যরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাস্তব প্রতিফলন না দেখা পর্যন্ত তারা শান্তিপূণভাবে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।


0 Comments