জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবারে আয়োজিত এই আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, "সংবাদপত্র হলো সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কেবল সত্যকে তুলে ধরে না, বরং রাষ্ট্র ও সমাজের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধান ভূমিকা পালন করে। দৈনিক জনতা দীর্ঘ পথপরিক্রমায় পাঠকদের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এই পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করবে।"
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে ভুল তথ্য ও অপসংবাদের চ্যালেঞ্জ বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। দৈনিক জনতা আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠতার পক্ষে তাদের সোচ্চার অবস্থান বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। দৈনিক জনতার সম্পাদকীয় পর্ষদের সভাপতি সৈয়দ এম. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক ওবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




0 Comments