বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর সমাগম ঘটে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছে। আগামী দিনেও গণতন্ত্রের চর্চা ও জনগণের কল্যাণে দলকে আরও সুসংগঠিত করে রাজপথে সক্রিয় থাকতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দলের দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলা, ঐতিহাসিক সংগ্রাম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদান গভীরভাবে স্মরণ করেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
এ সময় অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় এবং মাঠপর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলের সমৃদ্ধি ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

0 Comments