ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পগুলোর কারণে সৃষ্ট যানজট নিরসন এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও আন্তঃসংস্থা কাজের পরিবীক্ষণে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পসমূহের নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত সভা’ শেষে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
উন্নয়ন কাজে আন্তঃসংস্থা সমন্বয় ও ওয়ান-স্টপ তদারকি
মন্ত্রী জানান, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সব উন্নয়নকাজ যেন সুসংগঠিত উপায়ে শেষ করা যায়, সেজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, এক সংস্থা কাজ শেষ করার পরপরই আরেক সংস্থা যাতে একই স্থানে পুনরায় রাস্তা খোঁড়াখুঁড়ি না করে, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
সরকারের প্রধান লক্ষ্য নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দেওয়া এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা। বিশেষ করে বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রবণতা বাড়ে—যা বন্ধে আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে একই সময়ে ইউটিলিটি শিফটিং বা অন্যান্য নির্মাণকাজ একসঙ্গে সম্পাদন করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও ডেসাসহ সকল সংস্থার প্রকল্প তদারকিতে ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে।
এআই ট্রাফিক সিস্টেম ও বাস টার্মিনাল স্থানান্তর
নগরীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে, যার সুফল নগরবাসী ইতোমধ্যেই পাচ্ছেন। এছাড়া রাজধানীর ওপর থেকে ট্রাফিক চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জমি অধিগ্রহণ ও সার্বিক পরিকল্পনার কাজ চলছে এবং এই মধ্যবর্তী সময়ে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ ও অবৈধ চার্জিং পয়েন্টে সাঁড়াশি অভিযান
রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে চিহ্নিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল সড়কে থ্রি-হুইলার বা ছোট যানবাহন চলাচল শৃঙ্খলাবহির্ভূত। তবে আকস্মিকভাবে কাউকে পুরোপুরি বেকার না করে পর্যায়ক্রমে নীতিমালার আওতায় এনে শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া পিলারের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা অবৈধ চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে সরকারের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে এবং অসংখ্য সংযোগ ইতোমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন ও ঢাকা শহরের আইনশৃঙ্খলা
নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এখতিয়ার অনুযায়ী কাজ করলেও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। তিনি জানান, ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় সভার মতামতের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

0 Comments