স্বপ্নের ফাইনালে ওঠার মহালড়াই। বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তবে মাঠের উত্তাপ ছড়ানোর আগে ম্যাচের শুরুটা হলো বেশ সতর্ক। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত আক্রমণাত্মক ফুটবলের বদলে লড়াইটা সীমাবদ্ধ ছিল মূলত মাঝমাঠের দখল আর কৌশলী ফুটবলে। ফলে গোলশূন্য অবস্থাতেই এগিয়ে চলছে এই মহারণ।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলায় ছিল বাড়তি সতর্কতা। রেফারি শুরুর বাঁশি বাজানোর পর ইংল্যান্ড কয়েকবার গোছানো আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরানোর চেষ্টা করেছিল। তবে আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায় উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি ইংলিশ ফরোয়ার্ডরা।
অন্যদিকে, আলবিসেলেস্তেরা বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে ম্যাচের ছন্দ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তবে ইংল্যান্ডের জমাট ডিফেন্স লাইনের সামনে এসে বারবার খেই হারিয়েছে তাদের আক্রমণভাগ। ইংলিশ বক্সে ঢোকার চেষ্টা করলেও ম্যাচের প্রথমভাগ পর্যন্ত ডেভিসদের জালে কোনো কার্যকর হুমকি সৃষ্টি করতে পারেনি আর্জেন্টিনা।
প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত দুই দলেরই রক্ষণভাগের কঠোর নজরদারিতে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। আক্রমণে ধার না থাকায় গোলশূন্য সমতায় থেকেই ম্যাচ এগিয়ে চলছে। এখন দেখার বিষয়, প্রথমার্ধের বাকি সময়ে কোন দল প্রথম ডেডলক ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

0 Comments