ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে উদ্ধার হওয়া ৪ ভরি স্বর্ণ তাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। বর্তমানে উদ্ধারকৃত এই স্বর্ণালঙ্কার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে চিত্রনায়িকা ববির বাসায় একটি চুরির ঘটনা ঘটে। ওই সময় তার বাসা থেকে নগদ অর্থ, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ফারুক ও তার সহযোগীরা। পরবর্তীতে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনার তদন্তে নেমে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়।
আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত উদ্ধার হওয়া ওই স্বর্ণালঙ্কারগুলো প্রকৃত মালিক চিত্রনায়িকা ববির জিম্মায় হস্তান্তর করার জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন।

0 Comments