মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে শিক্ষার্থীদের আন্দোলন এখন বিশাল আকার ধারণ করেছে। দিল্লিতে টানা ২৬ দিন ধরে চলা এই বিক্ষোভের মুখে শুরুতে নিশ্চুপ ছিলেন বহু বলিউড তারকা। তবে সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজেদের নীরবতা ভাঙতে শুরু করেছেন তাঁরা।
গত বুধবার (২২ জুলাই) রাতে শিক্ষার্থীদের সমর্থনে মুখ খোলেন বলিউড ভাইজান সালমান খান। তাঁর পরই শিক্ষার্থীদের 'ককরোচ জনতা পার্টি' ও তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে দীর্ঘ বার্তা দিলেন তারকা অভিনেত্রী আলিয়া ভাট।
উল্লেখ্য, গত ২০ জুলাই দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনকারীদের সংসদ অভিমুখী মিছিলে টিয়ার গ্যস, জলকামান ও লাঠিচার্জ চালায় পুলিশ। এই সহিংসতার পর থেকেই দেশজুড়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
শিক্ষার্থীদের ওপর এমন অন্যায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে আলিয়া ভাট লেখেন,
"গত কয়েকদিনের ঘটনায় আমার মন ভেঙে গেছে। কিন্তু এর মধ্যেও আশার আলো রয়েছে—শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড়। এই লড়াইয়ের পেছনে রয়েছে স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা, গোটা পরিবারের আশা আর অসংখ্য ত্যাগের গল্প। আন্দোলনকারীরা শুধু নিজেদের লড়াই লড়ছে না, তারা পুরো একটি প্রজন্মের প্রতিনিধিত্ব করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের পথ সুগম করছে।"
শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করে আলিয়া আরও যুক্ত করেন,
"ওদের সাহস আমাকে নম্রতা শিখিয়েছে। ওদের দৃঢ় সংকল্প আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরেছে—যাদের হাতে দেশের ভবিষ্যৎ সমর্পিত, আমরা কি সত্যিই সেই আগামী প্রজন্মের কথা শুনছি? এই সংহতি সব শিক্ষার্থীদের জন্য। ওদের কাছেই আমাদের ভবিষ্যৎ। জয় হিন্দ।"
সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাটের এই সংহতিমূলক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রথম সারির তারকারা এভাবে পাশে দাঁড়ানোয় বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এই বিষয়ে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো হেভিওয়েট তারকারা এখনো মুখ খোলেননি।

0 Comments