গ্রামীণফোন থেকে অনৈতিকভাবে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে এবং দীর্ঘ ২০ মাসের বকেয়া পাওনা আদায়ের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাবেক কর্মচারীরা। অবিলম্বে ন্যায্য পাওনা পরিশোধ না করা হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আন্দোলনরত কর্মীদের অভিযোগ, গ্রামীণফোন কর্তৃপক্ষ তাঁদের সাথে ক্রমাগত বৈষম্যমূলক আচরণ করে আসছে। চাকরিচ্যুত করার দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য বকেয়া বুঝিয়ে দেওয়া হয়নি। সমাধানের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ না থাকায় বাধ্য হয়ে তাঁরা বিটিআরসির শরণাপন্ন হয়েছেন।
ঘটনাস্থলে আন্দোলনের এক প্রতিনিধি জানান, "বিটিআরসি কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা করেছে এবং স্বীকার করেছে যে আমাদের সাথে অন্যায় হয়েছে। তাঁরা বিষয়টি সমাধানের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। এখন আমরা দেখার অপেক্ষায় আছি বিটিআরসি কী সিদ্ধান্ত গ্রহণ করে।"
সাবেক কর্মচারীরা জানান, গ্রামীণফোনের প্রায় ৪ হাজার ছাঁটাইকৃত কর্মী তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কর্মব্যস্ততা ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিদিনই কর্মীরা রাজপথে এসে যুক্ত হচ্ছেন। আন্দোলনকারীরা অন্যান্য সকল প্রাক্তন সহকর্মীকেও এই ন্যায়সংগত দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
কর্মীরা আশা প্রকাশ করেন, বিটিআরসির হস্তক্ষেপে দ্রুততম সময়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ তাঁদের বকেয়া পাওনা পরিশোধের পদক্ষেপ গ্রহণ করবে।



0 Comments