দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দক্ষ শিক্ষকের কোনো বিকল্প নেই। আর এই দক্ষ ও আত্মবিশ্বাসী শিক্ষক তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন সময়োপযোগী প্রশিক্ষণ ও ধারাবাহিক দক্ষতা উন্নয়ন।
সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রশিক্ষক সম্মেলন—International Trainers Conference (ITC 2026)-এ প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্বারোপ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সম্মেলনে প্রাথমিক শিক্ষকদের আধুনিক ও বিশ্বমানের দক্ষতায় দক্ষ করে তুলতে বিভিন্ন যুগোপযোগী প্রশিক্ষণের ওপর আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষকদের জন্য এমপ্যাথি ট্রেনিং (Empathy Training), টিম বিল্ডিং ট্রেনিং (Team Building Training) এবং লিডারশিপ ট্রেনিংয়ের (Leadership Training) মতো প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে দেশী-বিদেশী অভিজ্ঞ প্রশিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কাজে লাগানোর ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, "শ্রেণীকক্ষে কার্যকরী শিক্ষাদান এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কার্যকর ও আধুনিক প্রশিক্ষণ শিক্ষকদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, যা পরোক্ষভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ করে গড়ে তুলতে ভূমিকা রাখবে।"
সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা গবেষক, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG 4) তথা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের এই ধরনের বিশেষায়িত প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

0 Comments