বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন ও আর্থিক প্রণোদনা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম (পাইলটিং) শুরু হতে যাচ্ছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে ‘প্রবাসী কার্ড’।
পাইলট প্রজেক্ট ও বিতরণের লক্ষ্যমাত্রা
আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধনের পর প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ‘প্রবাসী ডেবিট কার্ড’ ইস্যু করা হবে।
- ডিসেম্বর ২০২৬-এর মধ্যে: ৫০ হাজার কার্ড বিতরণের লক্ষ্য।
- জুন ২০২৭-এর মধ্যে: ২ লাখ কার্ড বিতরণের লক্ষ্য।
- দ্বিতীয় পর্যায়: পরবর্তীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।
প্রবাসী কার্ডে মিলবে যে ১০টি বিশেষ সুবিধা
এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা ডুয়াল কারেন্সি সুবিধা ও আন্তর্জাতিক পেমেন্টসহ অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন:
১. এয়ারপোর্ট লাউঞ্জ ও ইমিগ্রেশন: দেশে-বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ বুথের মাধ্যমে দ্রুত ইমিগ্রেশন সেবা।
২. মিট অ্যান্ড গ্রিট: আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি Meet & Greet সুবিধা।
৩. টিকিট ও হোটেল ছাড়: বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ডিসকাউন্ট।
৪. গাড়ি বুকিং ও পিক-ড্রপ: ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য বিমানবন্দর Pick & Drop সেবা।
৫. চিকিৎসা সুবিধা: সরকারি হাসপাতালে বিশেষ প্রবাসী বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড়।
৬. মরদেহ পরিবহন: কার্ডধারীর আকস্মিক মৃত্যু হলে সম্পূর্ণ সরকারি খরচে মরদেহ দেশে আনার সুবিধা।
৭. পুনর্বাসন ও বীমা: প্রবাসফেরতদের জন্য বিশেষ পুনর্বাসন ও বীমা সুবিধা।
৮. সরকারি সেবা ও বিনিয়োগ: জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার।
৯. রেমিট্যান্স রিওয়ার্ড ও ঋণ: রেমিট্যান্স প্রেরণে রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, সহজ ঋণ সুবিধা ও সরাসরি অর্থ প্রেরণের সুযোগ।
১০. অগ্রাধিকারমূলক সেবা: এনআইডি (NID), পাসপোর্ট, কনস্যুলার সেবা ও ব্যাংকিং কার্যক্রমে বিশেষ অগ্রাধিকার।
প্রধানমন্ত্রীর নির্দেশনা
বৈঠকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসী যাতে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সাথে প্রবাসীদের দক্ষ করে গড়ে তুলতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে (NSDA) আরও সময়োপযোগী ও আধুনিক করার তাগিদ দেন তিনি।
উপস্থিত ব্যক্তিবর্গ
গুরুত্বপূর্ণ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

0 Comments