মত ও আদর্শের ভিন্নতার কারণে কোনো শিক্ষার্থী বা ছাত্রনেতার উপর হামলা চালানো সভ্য, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী। মাদারীপুর সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীর উপর সংঘটিত ন্যক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং শিক্ষাঙ্গনের শান্তি, সহাবস্থান ও ছাত্রসমাজের নিরাপত্তার উপর আঘাত।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ষান্মাসিক শুরা অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ মাদারীপুর সরকারি কলেজ শাখার দায়িত্বশীল সম্রাট-এর উপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন।
শনিবার (১৮ জুলাই) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার এই ষান্মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে মুনতাছির আহমাদ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি শিক্ষাঙ্গনে সকল প্রকার সন্ত্রাস, সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ছাত্রনেতা মুনতাছির আহমাদ আরও বলেন, "ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ, আদর্শিক ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু কোনো মহল যদি বারবার সন্ত্রাস, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের কর্মীদের দমিয়ে রাখার অপচেষ্টা চালায়, তবে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।" সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হামলা ও নির্যাতনের মাধ্যমে আদর্শিক আন্দোলনকে স্তব্ধ করা যায় না; বরং এ ধরনের কর্মকাণ্ড তাদের প্রকৃত চরিত্রকে জাতির সামনে উন্মোচিত করে।
তিনি হামলাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষাঙ্গনকে সংঘাত ও সন্ত্রাসের জনপদে পরিণত করার যেকোনো অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সকল কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শুরা অধিবেশনে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমাদ শোভন, কওমি মাদরাসা সম্পাদক বি.এম মাহদী আল-হাসান, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে সহ কেন্দ্রীয় শুরার সদস্যবৃন্দ।
বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুনতাছির আহমাদ, মাদারীপুর সরকারি কলেজ, ছাত্র রাজনীতি, হামলা ও প্রতিবাদ, কেন্দ্রীয় শুরা অধিবেশন।



0 Comments