বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছরের বকেয়া পাওনা আদায় ও টানা ১৯ মাসের আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মচারীরা। ‘প্রাক্তন কর্মী যৌথ পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কর্মীরা তাদের ন্যায্য পাওনা আদায়ে বিটিআরসি ও নতুন সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আকুল আবেদন জানিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে যৌথ পরিষদের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে তারা নিজেদের বকেয়া পাওনার জন্য লড়াই করছেন। তবে গ্রামীণফোন কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করে উল্টো আদালতে মামলা ও নানা বাহানায় কর্মীদের বছরের পর বছর হয়রানি করে আসছে।
আন্দোলনরত এক নেত্রী বক্তব্য প্রদানকালে বলেন, "দেশের টেলিকমিউনিকেশন খাত নিয়ন্ত্রণ করার আইনি দায়িত্ব বিটিআরসির। কিন্তু বিগত ১৬ বছরে বিটিআরসি তাদের অভিভাবকের ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিটিআরসির এই নিষ্ক্রিয়তার কারণেই আজ আমাদের ১৯ মাস ধরে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে।"
বিগত সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "অতীতের সরকার আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বরং গ্রামীণফোন কর্তৃপক্ষের বিভিন্ন উপঢৌকন ও সুবিধার বিনিময়ে বিষয়টিকে বছরের পর বছর আড়াল করে রেখেছিল এবং দেখেও না দেখার ভান করেছে।"
বর্তমান পরিস্থিতি ও নতুন সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে আন্দোলনের নেতৃবৃন্দ জানান, তারা আশা করছেন নতুন সরকার ও বিটিআরসির বর্তমান প্রশাসন তাদের দীর্ঘদিনের এই বঞ্চনার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করবে। বিটিআরসির মধ্যস্থতায় অনতিবিলম্বে গ্রামীণফোনকে আলোচনার টেবিলে এনে কর্মচারীদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
প্রচারে: live tv hd news



0 Comments