দীর্ঘ ১৬ বছরের বকেয়া পাওনা ও বিধিসম্মত ৫ শতাংশ বিলম্ব জরিমানার ন্যায্য দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দ্বারে হাজির হয়েছেন গ্রামীণফোনের সাবেক কর্মচারীরা। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে বিটিআরসি যেন এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটায়, সেই লক্ষ্যে তারা স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারী প্রতিনিধিরা জানান, গ্রামীণফোন একটি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান হয়েও দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয় কর্মীদের সাথে অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করে আসছে। বারবার দাবি জানানো হলেও প্রতিষ্ঠানটি কর্মীদের প্রাপ্য বুঝিয়ে দিতে গড়িমসি করছে। ফলে বাধ্য হয়েই দেশের টেলিকম খাতের মূল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির শরণাপন্ন হতে হয়েছে তাদের।
আন্দোলনরত এক কর্মী বলেন, "আমরা এ দেশের নাগরিক, এ দেশের শ্রমিক। একটি বিদেশি কোম্পানি দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের সাথে অবিচার করবে, তা হতে পারে না। বিটিআরসি যেহেতু গ্রামীণফোনকে নিয়ন্ত্রণ করে, তাই তাদের কাছেই আমরা আবেদন জানিয়েছি যেন এই অন্যায়ের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের পাওনা পরিশোধে সহায়তা করে।"
স্মারকলিপি জমা দেওয়ার পর কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, বিটিআরসি তাদের অভিযোগ ও দাবিগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছে। বিটিআরসি কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তারা দ্রুত বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সাবেক কর্মীরা আশা প্রকাশ করেন, বিটিআরসির মধ্যস্থতায় বিদেশি এই টেলিকম অপারেটরটি অবিলম্বে তাদের ওপর হওয়া অন্যায়ের সমাধান করবে এবং দীর্ঘদিনের বকেয়া পাওনা বুঝিয়ে দেবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ন্যায়সংগত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
প্রচারে লাইভ টিভি এইচডি নিউজ



0 Comments