আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা না নিয়ে আগের মতোই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হয়েছে।
প্রথম শ্রেণিতে পরীক্ষার চাপ থেকে মুক্তি
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর ঘোষণার পর থেকেই অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। কোমলমতি সন্তানদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে অনেক অভিভাবকই কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের শরণাপন্ন হচ্ছিলেন, যা ছোট ছোট শিশুদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছিল।
সার্বিক পরিস্থিতি ও শিশুদের মানসিক স্বাস্থ্য বিবেচনা করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। আগের মতো শতভাগ লটারি পদ্ধতি বহাল রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, "কোমলমতি শিশুদের ওপর পড়ালেখার অনাকাঙ্ক্ষিত চাপ কমাতে আগের মতোই লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।"
একাদশ শ্রেণিতে ভর্তিতে পরিবর্তন নেই
এদিকে চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ সংক্রান্ত একটি নীতিমালার খসড়া ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
খসড়া নীতিমালার বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ভর্তিপ্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো বড় পরিবর্তন রাখা হয়নি।"
মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত নীতিমালা ও সময়সূচি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

0 Comments