পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে আবাসিক ও বাণিজ্যিক ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং পয়ঃশোধনাগার (এসটিপি) স্থাপন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এ লক্ষ্য সামনে রেখে রাজধানীর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির বাসিন্দাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে সংস্থাটি। রাজধানীর ঐতিহ্যবাহী গুলশান সোসাইটি পার্কে সম্প্রতি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি।
টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষা সমান্তরালে চলবে: গণপূর্তমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন,
“টেকসই উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের স্বার্থে পরিবেশসম্মত স্যানিটেশন ব্যবস্থার বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকারের প্রধান লক্ষ্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তোলা, যেখানে নগরের অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পাবে।”
তিনি আরও জানান, নগরীকে বাসযোগ্য ও দূষণমুক্ত রাখতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।
বিদ্যমান চ্যালেঞ্জ ও সমাধানের পথ
অনুষ্ঠানে ভবনে আধুনিক ও কার্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও এসটিপি স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি এটি বাস্তবায়নে ঢাকা শহরের বিদ্যমান বাস্তবমুখী চ্যালেঞ্জগুলো এবং তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নিয়ে গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা ভবনে পরিবেশসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, ড্রেনেজ ও নগর ব্যবস্থাপনার সামগ্রিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে নিজেদের বিভিন্ন মতামত ও গুরুত্বপূর্ণ সুপারিশ রাজউক কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।
রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত থেকে গুলশান-বনানী অঞ্চলের পরিবেশগত সুরক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

0 Comments