কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত যানবাহন ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে সদর দক্ষিণ থানার পদুয়াপাড়ায় একত্রিত হয়ে পরানপুর বাজার এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল লালমাই এলাকায় অবস্থান নেয়। ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে যাওয়ার সময় লালমাই বাজার এলাকা থেকে একটি পিকআপসহ ২ জনকে আটক করা হয়। পরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোটরসাইকেল থেকে আরও ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ, একটি কালো রঙের ডিসকাভার মোটরসাইকেল, বোল্ট কাটার, সেলাই রেঞ্জ, প্লাস, লোহার রড, দুটি কিরিজ এবং একটি হাসুয়াসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে চক্রের মূল হোতা জহিরুলের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়
- জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩): পিং-মৃত কারী শহিদুল্লাহ, সাং-হোসেনপুর, থানা-সদর, জেলা-চাঁদপুর (বর্তমান ভাড়াটিয়া, টমছম ব্রিজ এলাকা, কোতোয়ালী, কুমিল্লা)।
- মোঃ মামুন মিজী (৪৫): পিং-মৃত কালাম মিজী, সাং-ঢড্ডা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর (বর্তমান-কচুয়া চৌমুহনী, সদর দক্ষিণ, কুমিল্লা)।
- মোঃ কবির ভূইয়া (৪০): পিং-মৃত বাচ্চু মিয়া, সাং-সাচইনমেঘ, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।
- মোঃ রবিউল আলম (৩৫): পিং-মৃত ধুলুবারি, সাং-মদনা, থানা-সদর, জেলা-চাঁদপুর।
- মোঃ নজরুল ইসলাম (৩৫): পিং-আবুল বাশার, সাং-ভাটিয়ালপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর (বর্তমান-শিবপুর, লালমাই, সদর দক্ষিণ, কুমিল্লা)।
উদ্ধারকৃত আলামত
- নীল রঙের পিকআপ গাড়ি: ১টি
- কালো রঙের ডিসকভার মোটরসাইকেল: ১টি
- দেশীয় অস্ত্র: কিরিজ ২টি, হাসুয়া ১টি, লোহার রড ১টি
- অন্যান্য সরঞ্জাম: বোল্ট কাটার ১টি, সেলাই রেঞ্জ ১টি, প্লাস ১টি ও ১টি ব্যাগ
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

0 Comments