দেশের জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির লক্ষ্যে দায়িত্ব পেলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণ। এর অংশ হিসেবে ফেনী ও নোয়াখালী— এ দুই গুরুত্বপূর্ণ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাকারিয়া তাহের সুমনকে।
২৭ আগস্ট ২০২৬ (১২ ভাদ্র ১৪৩৩) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অতিরিক্ত সংখ্যার বাংলাদেশ গেজেট প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের জেলাসমূহে উন্নয়ন কাজের তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার এই সমন্বয়ক ও তদারকি দায়িত্ব অর্পণ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং ‘Rules of Business’ অনুযায়ী এ সিদ্ধান্ত গৃহীত ও বলবৎ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত হিসেবে জাকারিয়া তাহের সুমন ফেনী ও নোয়াখালী জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং দারিদ্র্য বিমোচনসহ সার্বিক সুশাসন প্রতিষ্ঠায় সরাসরি নজরদারি ও তদারকি করবেন। পাশাপাশি প্রয়োজনে তিনি জেলা পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক তদারকি সভায় অংশ নিয়ে দিকনির্দেশনা প্রদান করতে পারবেন।
দক্ষ প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে এ অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গতি আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

0 Comments