পাহাড়ি সৌন্দর্যের টানে নেপালে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ ও ভয়াবহ বন্যার কবলে পড়েছিল ‘শিকার’ চলচ্চিত্রের শ্যুটিং টিম। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে অবশেষে নিরাপদে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে একই দুর্যোগের কারণে এখনো সেখানে আটকে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান।
কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার কাজে ঢাকায় ও কলকাতার শিল্পীদের নিয়ে নেপাল যান অপু বিশ্বাস। শ্যুটিং চলাকালেই টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক স্থানে সড়ক তলিয়ে যায় এবং ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠলে শ্যুটিং স্থগিত রেখে পুরো টিম নিয়ে দেশে ফেরার উদ্যোগ নেওয়া হয়।
গতকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। তিনি বলেন:
"আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে পুরো টিম নিয়ে দেশে ফেরার পেছনে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই। অবশেষে আমরা নিরাপদে পৌঁছাতে পেরেছি, এটাই বড় কথা।"
যোগাযোগ বিচ্ছিন্ন তাসরিফ খান
অন্যদিকে, একই প্রাকৃতিক দুর্যোগে নেপালে আটকে পড়েছেন কুঁড়েঘর ব্যান্ডের তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানান, তাদের ফেরার নির্ধারিত রাস্তাটি বন্যায় ধসে গেছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তবে তিনি ও তার সঙ্গীরা নিরাপদ স্থানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন।
নেপালের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত সকল বাংলাদেশির দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনই এখন প্রধান প্রত্যাশা।

0 Comments