আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অপারেশনস বিষয়ক উপ-মহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
আইওএম-ডিডিজির সাথে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক আইওরি কাটো এবং ডিডিজির বিশেষ উপদেষ্টা প্রিয়া মারওয়াহ। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
বৈশ্বিক শ্রমবাজার ও দক্ষ জনশক্তি পাঠাতে গুরুত্ব
বৈঠককালে প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এবং বাংলাদেশের উন্নয়ন ও মানবিক অগ্রাধিকারগুলোতে সহযোগিতা প্রদান করায় আইওএম-এর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। জিসিএম (GCM) চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন যে, 'জিসিএম ন্যাশনাল অ্যাকশন প্ল্যান' আন্তর্জাতিক লক্ষ্যগুলোকে জাতীয় পর্যায়ে বাস্তবায়নে একটি সমন্বিত কাঠামো হিসেবে কাজ করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়মিত অভিবাসনের পথ প্রসারিত করা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ করা, নৈতিক নিয়োগ ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে সম্ভাব্য অভিবাসীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং (পরিচর্যাকারী) এবং কৃষিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বৈশ্বিক চাহিদার সাথে বাংলাদেশের কর্মসংস্থানের সমন্বয়, মেধাভিত্তিক অভিবাসন এবং গন্তব্য দেশগুলোর সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে আইওএম-এর সহায়তা কামনা করেন।
প্রবাসী কর্মীদের অধিকার ও রোহিঙ্গা ইস্যু
প্রতিমন্ত্রী অভিবাসী কর্মী, বিশেষ করে নারী শ্রমিকদের অধিকার ও কল্যাণ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সংকট কবলিত বিভিন্ন দেশ থেকে আটকে পরা বাংলাদেশী নাগরিকদের উদ্ধার ও প্রত্যাবাসনে আইওএম-এর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন:
"নিরাপদ প্রত্যাবাসন, টেকসই পুনর্বাসন, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা গ্রহণে আইওএম-এর সঙ্গে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।"
এ ছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্য আইওএম-এর মানবিক সহায়তার প্রশংসা করে প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, সেচ্ছায়, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।
আইওএম-এর প্রশংসা
আইওএম উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস একটি টেকসই অভিবাসন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পক্ষে বাংলাদেশের দৃঢ় নেতৃত্ব এবং বিশ্বমঞ্চে ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দেন।
বৈঠকে উভয় পক্ষই নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার রক্ষা এবং বাংলাদেশের উন্নয়ন ও মানবিক অগ্রাধিকারগুলো অর্জনে বাংলাদেশ-আইওএম অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

0 Comments