ঢাকা: রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মব্যস্ততার মধ্যেও নিজ প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উপস্থিত হয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন, এমপি।
গতকাল ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের 'OWRA' (Our Heroes Blood Donation Campaign) আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। নিজের প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে রক্তদানের মতো মানবিক উদ্যোগে তরুণদের সঙ্গে অংশ নেওয়াকে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় বলে উল্লেখ করেন মান্যবর মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, "রক্তদান শুধু একটি সামাজিক বা মানবিক কাজ নয়, এটি একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর মহান ও পবিত্র দায়িত্ব।" তিনি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান, তারা যেন মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সবসময় সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
প্রাক্তন শিক্ষার্থীর এমন মহান উদ্যোগে সরাসরি পাশে থাকা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রক্তদানের মাধ্যমেই বেঁচে উঠুক নতুন প্রাণ এবং গড়ে উঠুক একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ—এই প্রত্যাশায় শেষ হয় উক্ত সচেতনতামূলক রক্তদান কর্মসূচি।

0 Comments