চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং বালিথুবা ইউনিয়নের দক্ষিণ দেইচর গ্রামে নিজেদের জায়গায় চলাচলের রাস্তা ও কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও এলাকার একটি প্রভাবশালী চাদাবাজ চক্র দুই লাখ টাকা চাঁদা দাবি করায় ওই পরিবারটি নিজেদের বাড়িতে যাতায়াত করতে পারছে না বলে জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৯ নং বালিথুবা ইউনিয়নের দক্ষিণ দেইচর গ্রামের বাসিন্দা হারুন খান তার নিজ জায়গায় যাতায়াতের জন্য কালভার্ট ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। এই বিষয়ে স্থানীয় থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যন্ত প্রয়োজনীয় অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেন। এমনকি স্থানীয় মুরুব্বি ও মহিলা মেম্বারসহ এলাকাবাসী এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়েছেন।
তবে অভিযোগ উঠেছে, সরকারি কোনো খাল না থাকা সত্ত্বেও এবং সম্পূর্ণ নিজেদের জায়গায় জনস্বার্থে যাতায়াতের পথ তৈরি করতে গেলে এলাকার কিছু স্থানীয় সন্ত্রাস ও বখাটে যুবক এতে বাধা সৃষ্টি করে। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তরা সাফ জানিয়ে দিয়েছে—দুই লাখ টাকা চাঁদা না দিলে কোনোভাবেই এই রাস্তা বা কালভার্ট নির্মাণ করতে দেওয়া হবে না এবং তাদেরকে ঘরে ঢুকতেও দেওয়া হবে না।
চাঁদাবাজিতে জড়িত হিসেবে স্থানীয় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলো:
১. খোরশেদ
২. আকবর
৩. আলী
৪. মোবারক
৫. সাইফুল আলম
৬. ফারুক
৭. বাবুল
৮. মাসুম
৯. শাফায়াত
১০. রাসেল
১১. সাদ্দাম
ভুক্তভোগী হারুন খান জানান, প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনুমতি থাকার পরও এই চিহ্নিত সন্ত্রাসীদের কারণে তারা অবরুদ্ধ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। নিজেদের কেনা জায়গায় স্বাভাবিক যাতায়াতের জন্য কালভার্ট ও রাস্তা নির্মাণের সুযোগ পেতে তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি শাস্তির দাবি জানিয়েছেন।

0 Comments