শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয়ের নিজ কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠককালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় মন্ত্রণালয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গুণগত মান বৃদ্ধি, ডিজিটাল ও কারিগরি শিক্ষার প্রসার এবং প্রাথমিক ও গণশিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার জন্য গৃহীত নতুন প্রকল্পসমূহ নিয়ে কথা বলেন তাঁরা।
আলোচনায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, "শিক্ষা হলো জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। শিক্ষা খাতের যে কোনো যুগোপযোগী প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা ও অগ্রাধিকার প্রদান করবে।"
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম সম্প্রসারণ এবং শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ে শিক্ষা খাতের চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হবে।"
বৈঠকে উভয় নেতা দেশের শিক্ষা ও অর্থ-পরিকল্পনা খাতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে দৃঢ় অভিমত ব্যক্ত করেন। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা ও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পাদন নিশ্চিত করার বিষয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাতের এ সময় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments