‘বিশ্ব গর্ভনিরোধ দিবস ২০২৬’ (World Contraception Day 2026) উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার সির্ডাপ (CIRDAP) মিলনায়তনে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের সার্বিক প্রজনন স্বাস্থ্য, পরিকল্পিত পরিবার গঠন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। বক্তব্যে তিনি বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে এবং একটি সুস্থ-সবল জাতি গঠনে পরিকল্পিত পরিবার পরিকল্পনার বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে আধুনিক ও নিরাপদ গর্ভনিরোধক পদ্ধতিগুলোর সহজলভ্যতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব এ কে এম বেঞ্জামিন রিয়াজী। তিনি তরুণ ও দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সেবার মান উন্নত করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. জিন্নাত রেহানা। সভাপতির বক্তব্যে তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও মাঠপর্যায়ের সাফল্য তুলে ধরেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আজ ২৬ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১০:০০ টায় আয়োজিত এই সেমিনারে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA), আইপাস (Ipas), টিসিআই (TCI), সাজিদা ফাউন্ডেশন সহ বিভিন্ন সহযোগী উন্নয়ন সংস্থার উর্ধ্বতন প্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রজনন স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।




0 Comments