কক্সবাজারের টেকনাফে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর এক রোহিঙ্গা কিশোর এবং চট্টগ্রাম থেকে আসা এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তথ্য যাচাই-বাছাই শেষে তাদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন কেরানতলী রাস্তার মাথা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোর জমির হোসেন (১৫) চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা। অন্যজন চট্টগ্রাম নগরের চাঁদগাঁও এলাকার বাসিন্দা মরিয়ম (১৪)।
এপিবিএন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে ওই কিশোর-কিশোরী নিজ নিজ অবস্থান থেকে নিখোঁজ ছিল। সন্ধ্যায় টেকনাফের কেরানতলী মোড়ে অপরিচিত দুই কিশোর-কিশোরীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের আটকে রাখে। বিষয়টি জানতে পেরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
পরবর্তীতে প্রায় দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের মাধ্যমে তাদের সঠিক পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়। এরপর রাত আনুমানিক ৮টার দিকে চাকমারকুল ক্যাম্পের বি/০৬ ব্লক এলাকায় জমির হোসেনকে তার ভাই মো. ওসমান (২৫) এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের (৬১) কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ এপিবিএনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের পর পুরো বিষয়ের বিবরণ ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে।

0 Comments