চিকিৎসাক্ষেত্রে অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ক্যান্সার গবেষক ও অধ্যক্ষ ড. এস এম সরওয়ার-কে বিশেষ সংবর্ধনা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে ‘নতুন আলো সাহিত্য পরিষদ’ ও ‘সৃজনশীল সাহিত্য বাংলা’-র যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং ড. এস এম সরওয়ার-কে নিবেদন করে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, পুঁথিপাঠ এবং মনোজ্ঞ গজল পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য হোমিওর প্রধান পরামর্শদাতা প্রফেসর ডা. কর্নেল (অব.) মোঃ শহীদুল্লাহ্। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক (বিএনপি) জনাব রেজাবুদৌল্লা চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত সুধী হিসেবে দেশের বিশিষ্ট স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত ১২ জন খ্যাতনামা কবি, সাহিত্যিক, চলচ্চিত্র ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত থেকে বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আয়োজক সংগঠনের পক্ষে কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ ও লিটন সিদ্দিকী জানান, চিকিৎসাক্ষেত্রে ও সমাজসেবায় গুণীজনদের অবদানকে সম্মানিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে আগত সাহিত্যপ্রেমী ও সুধীজনেরা অংশ নেন।



0 Comments