বাংলাদেশ ব্যাংক কর্মচারী পরিষদ (বিএমপি)-এর কেন্দ্রীয় কার্যালয় নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট কর্মীবান্ধব নেতা মমতা চৌধুরী টুটুল। তার নির্বাচনে প্রার্থী হওয়ার খবর সামনে আসতেই সংগঠনটির সাধারণ সদস্য ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আজ (শনিবার) বিএমপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে মমতা চৌধুরী টুটুলকে কেন্দ্র করে হাজারো ভক্ত ও সমর্থক সমবেত হন। এসময় এক জমকালো ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে নির্বাচনে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
পরবর্তীতে উপস্থিত ভক্ত ও সমর্থকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মমতা চৌধুরী টুটুল কর্মচারীদের অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং সংগঠনের সার্বিক কল্যাণে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।
তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনাদের ভালবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। বিএমপিকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কর্মচারীবান্ধব সংগঠনে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আপনাদের অধিকার আদায়ে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।"
সভায় উপস্থিত সাধারণ কর্মীরা জানান, মমতা চৌধুরী টুটুল দীর্ঘদিন ধরে কর্মচারীদের বিভিন্ন সংকট ও সুখে-দুঃখে সুদৃঢ় নেতৃত্ব দিয়ে আসছেন। কেন্দ্রীয় কার্যালয় নির্বাচনে তিনি জয়ী হলে সাধারণ কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে এবং সংগঠনের কাজের গতি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
সমাবেশ শেষে সমর্থকরা তাঁর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর সাফল্য কামনা করে নির্বাচনমুখী প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



0 Comments