কুমিল্লায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের (সুমন), এমপি। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্টের অভিবাদন গ্রহণ এবং পায়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন।
অনুষ্ঠান চলাকালে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত ও কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত উদীয়মান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শিক্ষক এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
উপস্থিত তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে বক্তব্যে মন্ত্রী বলেন, "দেশ গঠন ও যুবসমাজকে মাদকমুক্ত, সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ের মানসম্মত খেলোয়ার তৈরিতে এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রাঙ্গণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। কুমিল্লা ও পার্শ্ববর্তী অঞ্চলের শতাধিক ক্রীড়াবিদ ও প্রতিযোগীরা রঙিন পোশাকে মার্চপাস্টে অংশ নেন, যা স্টেডিয়ামে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও গ্রীষ্মকালীন এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, কাবাডি এবং দাবার মতো বেশ কয়েকটি জনপ্রিয় ইভেন্টে তরুণ ও কিশোর ক্রীড়াবিদরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। উদ্বোধনী দিনেই কয়েকটি ইভেন্টের প্রাথমিক পর্বের খেলা মাঠে গড়িয়েছে। আগামী দিনগুলোতেও স্টেডিয়ামজুড়ে তীব্র প্রতিযোগিতা ও দর্শকদের উল্লাস অব্যাহত থাকবে বলে আশা করছেন আয়োজকরা।


0 Comments