জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৩৬ ঘণ্টার আমরণ অনশন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ‘জুলাই যোদ্ধা’ মো. সাদ্দাম হোসাইন এবং তাঁর অসুস্থ মা। সাক্ষাৎকালে রেস্টুরেন্ট পুনরুদ্ধারসহ তাঁদের উত্থাপিত সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সাদ্দাম হোসাইন ও তাঁর অসুস্থ মায়ের অনশনস্থলে পৌঁছান মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. এনাম। মন্ত্রীর পক্ষ থেকে অনশন ভাঙার অনুরোধ জানালে তাঁরা অনশন ত্যাগ করেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে সাদ্দাম হোসাইনের দীর্ঘদিনের ভোগান্তি, ব্যবসায়িক ক্ষতি ও রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিস্তারিতভাবে শোনেন এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন।
সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন যে, তিনি আজই ফেনী সফরে গিয়ে ফেনী-১ ও ফেনী-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক (ডিসি), জেলা পুলিশ সুপার (এসপি) এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। এর মাধ্যমে বেদখল হওয়া রেস্টুরেন্ট উদ্ধার ও সংশ্লিষ্ট জটিলতা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব (পিএস) নাজমুল রাজু এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. এনাম উপস্থিত ছিলেন।
অনশন পরবর্তী এই সাক্ষাৎ এবং সমাধানমূলক আশ্বাসকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে ভুক্তভোগী পরিবার। প্রদত্ত আশ্বাসের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রেস্টুরেন্ট ফেরত পাবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।

0 Comments