মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের পেশাগত বৈষম্যের অবসান ঘটিয়ে অবিলম্বে ১০ম গ্রেড প্রদানসহ চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় কমিটি আয়োজিত “চিকিৎসা সেবায় মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
এম-ট্যাব সভাপতি এ কে এম মুসা লিটনের সভাপতিত্বে এবং মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও এম-ট্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার বলেন, করোনা মহামারির সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মেডিকেল টেকনোলজিস্টরা নমুনা সংগ্রহ ও পিসিআর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষায় অনন্য ভূমিকা পালন করেছেন। কিন্তু মহামারি শেষে তাদের যথাযথ মূল্যায়ন হয়নি। সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও তিন দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা এ অধিকার থেকে বঞ্চিত। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অবিলম্বে তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।
সভায় বক্তারা তুলে ধরেন যে, দেশে বর্তমানে প্রায় ৪০ হাজারেরও বেশি প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বেকার রয়েছেন। অন্যদিকে জনবল সংকটের কারণে সরকারি হাসপাতালগুলোর আধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে থাকছে, যার ফলে সাধারণ মানুষকে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে বাড়তি খরচ করতে হচ্ছে। এছাড়া পদোন্নতির সুযোগ না থাকায় একই পদে চাকরি শেষ করতে হওয়ায় টেকনোলজিস্টদের কর্মস্পৃহা নষ্ট হচ্ছে।
সভা থেকে পেশাজীবীদের পক্ষ থেকে ৪টি মূল দাবি উত্থাপন করা হয়:
১. অবিলম্বে ১০ম গ্রেড প্রদান ও বাস্তবায়ন।
২. শূন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা।
৩. স্ট্যান্ডার্ড সেটআপ অনুযায়ী চিকিৎসক ও নার্সের আনুপাতিক হারে পদোন্নতির বিধানসহ নতুন পদ সৃজন করা।
৪. ‘মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল/হেলথ প্রফেশনাল কাউন্সিল’ গঠন করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ খালেকুজ্জামান দিপু। এছাড়াও সভায় ড্যাব, এম-ট্যাব ও নার্সেস সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments