ছোট পর্দার জনপ্রিয় ও উদীয়মান অভিনেত্রী নাজনীন নাহার নীহা ভক্তদের দিলেন এক নতুন খবর। তিনি জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন; জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন কাউকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সম্পর্কের বর্তমান অবস্থান প্রকাশ করলেও, সঙ্গীর পরিচয় এখনই আড়ালেই রাখছেন এই অভিনেত্রী।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘Engaged’ (এংগেজড) উল্লেখ করেন নীহা। মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় জোর আলোচনা ও তুমুল কৌতূহল।
পরবর্তীতে এই বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে নীহা স্পষ্ট করেন যে, এটি কোনো আনুষ্ঠানিক বাগদানের ঘোষণা নয়। তিনি বলেন, “আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি ‘এংগেজড’। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সঙ্গে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও সবাইকে জানাব।”
স্ট্যাটাসে সঙ্গীর নাম কিংবা সম্পর্কের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না করায় ভক্ত ও অনুরাগীদের মধ্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত এর বেশি আর কিছুই বলতে রাজি নন এই অভিনেত্রী।
এর আগে প্রায় চার মাস আগে নীহার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় অবশ্য সেই খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করলেন, যদিও বজায় রাখলেন কিছুটা রহস্য।
উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নীহার। প্রথম নাটকেই দর্শকের দারুণ নজর কাড়েন তিনি। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’ এবং ‘মায়াপাখি’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও ফারহান আহমেদ জোভানসহ অনেকের সঙ্গেই জুটি বেঁধে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি।

0 Comments