ঢাকা, ০৯ আগস্ট ২০২৬:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জনাবা আইরিন খান।
আজ (রোববার) শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গুণগত মান উন্নয়ন এবং প্রাথমিক ও গণশিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি তুলে ধরা এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "বর্তমান সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের মতো বৈশ্বিক অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত জনাবা আইরিন খান শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4) অর্জনে জাতিসংঘ বাংলাদেশের শিক্ষা খাতের সাথে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments