ভূরুঙ্গামারীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: প্রতারক আটক


 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মমিনুল ইসলাম নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

​শনিবার (১৭ অক্টোবর) রাতে ভূরুঙ্গামারী ডাকবাংলো এলাকায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মমিনুল ইসলাম উপজেলার বাগভান্ডার ইউনিয়নের সোনাতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, আটক মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা চালিয়ে আসছিলেন। তিনি স্থানীয় সাধারণ মানুষকে নানা ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। বিশেষ করে মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামিদের মামলা থেকে বাঁচানোর প্রলোভন কিংবা ভয় দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

​বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান শূন্য সহনশীল (জিরো টলারেন্স)। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

​পাশাপাশি এ জাতীয় প্রতারকদের খপ্পরে না পড়তে এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণকে আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Post a Comment

0 Comments